লাতিনের বাইরের লিপির জন্য বিশ্বের প্রথম বৈশ্বিক যোগাযোগ নকশা পুরস্কার, যেখানে আপনার কাজের বিচার করেন নিজ লিপিতে দক্ষ বিশেষজ্ঞরা
প্রিয় সুধী!
লাতিনের বাইরের লিপিতে যোগাযোগ নকশার জন্য বিশ্বের প্রথম প্রতিযোগিতা – GRANSHAN Bloom Award – প্রথম সংস্করণ 2026-এ কাজ জমা দিতে আপনি আগ্রহী জেনে আমরা অত্যন্ত আনন্দিত।
কাজ জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় সব তথ্য নিচে বিস্তারিতভাবে সংকলন করেছি। প্রতিযোগিতায় কীভাবে কাজ জমা দিতে হয় এবং বিচারপ্রক্রিয়া কীভাবে চলে, এই নির্দেশিকায় তা স্পষ্ট ও সহজভাবে তুলে ধরতে চাই। আমাদের লক্ষ্য, আপনার কাজকে সর্বোত্তমভাবে উপস্থাপনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা ও ধারণা দেওয়া – যাতে আপনার সৃজনশীলতা পূর্ণভাবে বিকশিত হয়।
এই সব তথ্য ডাউনলোড বিভাগে একটি PDF-এও পাবেন।
জমা দেওয়ার উপাদানগুলোর বিস্তারিত নির্দেশনা মেনে চলার জন্য আপনাকে অনুরোধ করছি – এখানে সেগুলো বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে! আপনি আমাদের প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নের বিভাগেও যেতে পারেন।
আপনার জমা দেওয়া কাজ দেখার অপেক্ষায় আছি!
GRANSHAN দল
কারা অংশ নেবেন?
GRANSHAN Bloom Award আমন্ত্রণ জানাচ্ছে:
ডিজাইনার, টাইপোগ্রাফার ও সৃজনশীল পরিচালকদের
স্টুডিও, এজেন্সি ও প্রতিষ্ঠানের নিজস্ব নকশা দলগুলোকে
প্রকাশক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থাগুলোকে
শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের
লাতিনের বাইরের লিপি নিয়ে কাজ করা ব্র্যান্ড ও সংগঠনগুলোকে
আপনার কাজে যদি টাইপোগ্রাফির মাধ্যমে সংস্কৃতির মধ্যে সংযোগ গড়ে ওঠে, গল্প বলা হয় এবং পরিচয় গড়ে ওঠে – তবে এই প্রতিযোগিতা আপনার জন্য।
যোগ্যতার সময়কাল
জানুয়ারি 2023 থেকে ডিসেম্বর 2026-এর মধ্যে তৈরি বা প্রথম প্রকাশিত কাজ জমা দেওয়া যাবে। প্রকাশ বা সম্পন্ন করার তারিখ এই সময়সীমার মধ্যে হতে হবে। জানুয়ারি 2023-এর আগে তৈরি কাজ যোগ্য নয়, সেগুলো এখনও ব্যবহার বা বিতরণ করা হলেও।
লিপিগোষ্ঠী ও মাধ্যমভিত্তিক বিভাগ
GRANSHAN Bloom Award বিভিন্ন সংস্কৃতি, লিপি ও নকশার ক্ষেত্রে টাইপোগ্রাফির উৎকর্ষকে উদ্যাপন করে। এর কেন্দ্রে রয়েছে বিচারকমণ্ডলীর এক অনন্য কাঠামো, যেখানে সংস্কৃতির গভীর উপলব্ধির সঙ্গে যুক্ত হয় পেশাগত কারিগরি দক্ষতা: প্রতিটি কাজ পর্যালোচনা করেন এমন বিশেষজ্ঞরা, যাঁরা কাজটিতে ব্যবহৃত লিপি এবং তার মাধ্যম – দুটোই বোঝেন।
লিপিগোষ্ঠী
আমাদের লিপিগোষ্ঠীগুলো বিশ্বের লিখনপদ্ধতির সাংস্কৃতিক ও টাইপোগ্রাফিক সমৃদ্ধির প্রতিফলন – আরবি ও চীনা থেকে গ্রিক, জাপানি, কোরীয় এবং আরও নানা লিপি। প্রতিটি লিপিগোষ্ঠীতে থাকেন নিজ লিপিতে দক্ষ বা মূল লিপি পড়তে পারা 12 – 15 জন বিশেষজ্ঞ, যাঁদের আপনার কাজের ভাষাগত ও সাংস্কৃতিক প্রেক্ষাপট সম্পর্কে গভীর জ্ঞান রয়েছে। প্রতিটি লিপিগোষ্ঠীতে সম্পাদকীয় নকশা থেকে মোশন গ্রাফিক্স, স্থানভিত্তিক নকশা ও অন্যান্য মাধ্যমভিত্তিক বিভাগের বিশেষজ্ঞরা থাকেন।
কিছু মাধ্যমভিত্তিক বিভাগের বিচার একই বিশেষজ্ঞরা একসঙ্গে করেন – যেমন, বইয়ের নকশা বিশেষজ্ঞ পোস্টারের কাজও মূল্যায়ন করতে পারেন। এতে আপনার প্রকল্প বিশেষায়িত জ্ঞান এবং টাইপোগ্রাফির উৎকর্ষ সম্পর্কে সমন্বিত দৃষ্টিভঙ্গি – দুটোরই সুফল পায়।
2026 সংস্করণে GRANSHAN Bloom Award নিম্নলিখিত 8টি লিপিগোষ্ঠীর ওপর জোর দিচ্ছে:
আরবি-উদ্ভূত লিপি (আরবি, ফারসি, কুর্দি, উর্দু)
আর্মেনীয়
চীনা (প্রথাগত বা সরলীকৃত)
গ্রিক
দক্ষিণ এশীয় লিপি (গুরমুখী, দেবনাগরী, গুজরাটি, বাংলা, তেলুগু, কন্নড়, মালয়ালম, তামিল, সিংহলি)
জাপানি
কোরীয়
দক্ষিণ-পূর্ব এশীয় লিপি (থাই, বর্মি, লাও, খমের)
ভবিষ্যৎ সংস্করণগুলোতে এই লিপিগোষ্ঠীর পরিসর বাড়িয়ে সিরিলিক, জর্জীয়, হিব্রু ও প্যান-আফ্রিকান লিপির মতো আরও লিখনপদ্ধতি অন্তর্ভুক্ত করা হবে।
মাধ্যমভিত্তিক বিভাগ
এই টাইপোগ্রাফিক বৈচিত্র্যের পাশাপাশি প্রতিযোগিতায় রয়েছে 9টি মাধ্যমভিত্তিক বিভাগ – প্রতিটিই অসাধারণ টাইপোগ্রাফিক সৃজনশীলতা তুলে ধরার নিজস্ব মঞ্চ। প্রতিটি প্রকল্পকে তার নির্বাচিত মাধ্যমে সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞরা মূল্যায়ন করেন।
একই কাজ একাধিক মাধ্যমভিত্তিক বিভাগে জমা দেওয়া যাবে, তবে প্রতিটি বিভাগে আলাদাভাবে জমা দিতে হবে এবং ফি দিতে হবে (27 অক্টোবর 2026-এর আগে জমা দেওয়া কাজের জন্য বিনা ফিতে অতিরিক্ত একটি কাজ জমা দেওয়ার সুবিধাই একমাত্র ব্যতিক্রম)। প্রতিটি কাজকে ঐচ্ছিকভাবে শিক্ষার্থী বা ইন্টার্নশিপ প্রকল্প হিসেবে চিহ্নিত করা যাবে।
1 – সম্পাদকীয় নকশা ও প্রকাশনা
সম্পাদকীয় পরিসরে ব্যতিক্রমী নকশার কাজ, যেখানে বিষয়বস্তু ও টাইপোগ্রাফি মিলিয়ে মুদ্রিত ও ডিজিটাল মাধ্যমে তৈরি হয় আকর্ষণীয় পাঠ-অভিজ্ঞতা।
যোগ্য কাজের ধরন:
বইয়ের নকশা (যেমন কথাসাহিত্য, তথ্যভিত্তিক বই, শিল্পবিষয়ক বই, ক্যাটালগ)
সাময়িকী ও সংবাদপত্রের নকশা (মুদ্রিত বা ডিজিটাল)
টাইপোগ্রাফিক সম্পাদকীয় সিরিজ (কলাম, সাহিত্যধর্মী সিরিজ, ধারাবাহিক প্রবন্ধ)
স্বাধীন প্রকাশনা (জিন, নিজ উদ্যোগে প্রকাশিত বই, নিউজলেটার, পরীক্ষামূলক প্রকাশনার ধরন)
2 – পোস্টার (মুদ্রিত ও ডিজিটাল)
সাংস্কৃতিক, বাণিজ্যিক বা সামাজিক প্রেক্ষাপটে অসাধারণ পোস্টার নকশা, যেখানে জোর দেওয়া হয় জোরালো বার্তা, টাইপোগ্রাফিক স্পষ্টতা ও দৃশ্যগত প্রভাবের ওপর।
যোগ্য কাজের ধরন:
একক পোস্টার
পোস্টার সিরিজ
বড় আকারের পোস্টার (যেমন 18/1 বিলবোর্ড, শহরের বহিরাঙ্গন প্রদর্শনের ধরন)
ডিজিটাল পোস্টার (জনপরিসর বা বাণিজ্যিক স্থানে পর্দাভিত্তিক প্রদর্শন)
3 – প্যাকেজিং
উদ্ভাবনী ও কার্যকর প্যাকেজিং, যা ব্র্যান্ডের পরিচয়কে সমৃদ্ধ করে এবং ব্যবহারকারীর সম্পৃক্ততা বাড়ায়। টাইপোগ্রাফির খুঁটিনাটি ও আকারের মাধ্যমে দৃশ্যগত গল্প বলার ওপর বিশেষ গুরুত্ব।
যোগ্য কাজের ধরন:
একক পণ্যের প্যাকেজিং
পণ্যশ্রেণি ও সিরিজ
টাইপোগ্রাফিক প্যাকেজিং (যেসব নকশায় অক্ষররূপই প্রধান দৃশ্যগত উপাদান)
4 – ডিজিটাল মাধ্যম ও ইন্টারফেস নকশা
সৃজনশীল পর্দাভিত্তিক নকশা সমাধান, যা ডিজিটাল পরিসরে মিথস্ক্রিয়া ও টাইপোগ্রাফির উৎকর্ষকে এগিয়ে নিয়ে যায়।
যোগ্য কাজের ধরন:
ওয়েবসাইট ও ব্যবহারকারী ইন্টারফেস
মোবাইল অ্যাপ্লিকেশন
ডিজিটাল প্রকাশনা / ই-বই / ইন্টারঅ্যাকটিভ বই
মাইক্রোসাইট বা ডিজিটাল গল্প বলার প্ল্যাটফর্ম
5 – মোশন গ্রাফিক্স ও অ্যানিমেশন
সময়নির্ভর নকশার কাজ, যা টাইপোগ্রাফি ও দৃশ্যগত গতির মাধ্যমে গল্প বলে, ভাবনা প্রকাশ করে বা মনোযোগ পরিচালনা করে।
যোগ্য কাজের ধরন:
টাইপোগ্রাফিক অ্যানিমেশন
শিরোনামের ধারাবিন্যাস
প্রচারাভিযান, সংগীত, শিক্ষা বা ব্র্যান্ডিংয়ের জন্য মোশন গ্রাফিক্স
গতিশীল অক্ষররূপ নিয়ে পরীক্ষা
ভ্যারিয়েবল ফন্টের স্বতন্ত্র ব্যবহারসমৃদ্ধ প্রয়োগ (যেমন পরিবর্তনশীল পুরুত্ব, প্রস্থ বা অপটিক্যাল আকার)
6 – স্থান ও অভিজ্ঞতাভিত্তিক নকশা
স্থানভিত্তিক যোগাযোগ প্রকল্প, যেখানে অক্ষররূপ, ছবি ও কাঠামোর মাধ্যমে বাস্তব অথবা বাস্তব-ডিজিটাল মিশ্র পরিবেশে অভিজ্ঞতা গড়ে তোলা হয়।
যোগ্য কাজের ধরন:
প্রদর্শনী ও মেলার নকশা
পথনির্দেশনা ব্যবস্থা ও নির্দেশক চিহ্ন
স্থানভিত্তিক টাইপোগ্রাফি (ইনস্টলেশন, স্থাপত্যে অক্ষররূপ, ডিজিটাল ও বাস্তবের মিশ্র রূপ)
7 – প্রচারাভিযান
এক বা একাধিক মাধ্যমে সমন্বিত যোগাযোগ কৌশল, যেখানে টাইপোগ্রাফিক ও দৃশ্যগত বয়ান জোরালো।
যোগ্য কাজের ধরন:
মুদ্রিত প্রচারাভিযান (সম্পাদকীয়, বিজ্ঞাপন, জনযোগাযোগ)
বহুমাধ্যমে প্রচারাভিযান (মুদ্রিত, ডিজিটাল, বাস্তব)
জনস্বার্থে যোগাযোগ (সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক)
8 – দৃশ্যপরিচয় ও ব্র্যান্ডিং
সুসংগত ব্র্যান্ড পরিচয়ের নকশা, যা টাইপোগ্রাফি ও দৃশ্যভাষার মাধ্যমে স্বকীয়তা, মূল্যবোধ ও প্রেক্ষাপট প্রকাশ করে।
যোগ্য কাজের ধরন:
করপোরেট নকশাব্যবস্থা / দৃশ্যপরিচয়
লোগোর নকশা
অক্ষররূপকেন্দ্রিক ব্র্যান্ডিং (মূলত অক্ষররূপনির্ভর পরিচয়)
9 – পরীক্ষামূলক, অপ্রকাশিত ও ক্যালিগ্রাফিক কাজ
স্বাধীন ও সম্ভাবনা অন্বেষণকারী কাজের ক্ষেত্র, যেখানে টাইপোগ্রাফির নতুন পদ্ধতি, উপকরণ ও সাংস্কৃতিক আখ্যান নিয়ে অনুসন্ধান করা হয় – বিশেষত লাতিনের বাইরের লিপির প্রেক্ষাপটে। যোগ্য কাজের ধরন:
নিজ উদ্যোগে করা প্রকল্প
গবেষণাভিত্তিক বা ধারণামূলক প্রোটোটাইপ
প্রাথমিক পর্যায়ের ধারণা / চলমান কাজ
ক্যালিগ্রাফিক কাজ ও অনুসন্ধান
এখনও প্রকাশিত বা বাস্তবায়িত হয়নি এমন কাজ
অনুসন্ধানধর্মী টাইপোগ্রাফি
মূল্যায়নের মানদণ্ড
GRANSHAN Bloom Award-এ জমা দেওয়া প্রতিটি কাজ যত্ন ও কৌতূহল নিয়ে বিচার করেন এমন বিশেষজ্ঞরা, যাঁরা সাহসী ভাবনা ও নিখুঁত বাস্তবায়ন – দুটোকেই মূল্য দেন। আমাদের মানদণ্ডে ধারণা, কারিগরি দক্ষতা ও সাংস্কৃতিক প্রাসঙ্গিকতার ভারসাম্য প্রতিফলিত হয়, যাতে অসাধারণ কাজের প্রতিটি দিক স্বীকৃতি পায়।
ধারণা ও উদ্ভাবন – এমন ভাবনা, যা বিস্মিত ও অনুপ্রাণিত করে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রকে এগিয়ে নেয়।
যোগাযোগ ও স্পষ্টতা – এমন নকশা, যা সুনির্দিষ্টভাবে ও উদ্দেশ্যপূর্ণভাবে কথা বলে।
দৃশ্যগত ও নান্দনিক মান – সৌন্দর্য, ভারসাম্য ও খুঁটিনাটির নিখুঁত সামঞ্জস্য।
টাইপোগ্রাফিক উৎকর্ষ – অক্ষরের গঠন ও সংশ্লিষ্ট লিপির ওপর দখল।
কারিগরি দক্ষতা ও বাস্তবায়ন – নিখুঁত সমাপ্তি, যেখানে প্রতিটি উপাদান উদ্দেশ্য মেনে স্থাপিত।
ব্যবহারযোগ্যতা ও কার্যকারিতা – আকার ও কার্যক্রম – উভয় দিকেই নিরবচ্ছিন্ন কার্যকারিতা।
সাংস্কৃতিক ও সামাজিক প্রাসঙ্গিকতা – এমন নকশা, যা তার সময়, স্থান ও দর্শক-পাঠকের সঙ্গে সংযোগ তৈরি করে।
সব মানদণ্ডই গুরুত্বপূর্ণ, তবে তিনটি আমাদের লক্ষ্যের একেবারে কেন্দ্রে রয়েছে – বিচারকমণ্ডলীর মূল্যায়নে প্রতিটির গুরুত্ব হবে দ্বিগুণ: ধারণা ও উদ্ভাবন, টাইপোগ্রাফিক উৎকর্ষ এবং সাংস্কৃতিক ও সামাজিক প্রাসঙ্গিকতা। এই তিনটি মিলেই GRANSHAN Bloom Award-এর প্রাণবন্ত ত্রয়ী: সাহসী ভাবনার স্ফুলিঙ্গ, প্রতিটি বক্ররেখা ও অক্ষরের ভেতরের ফাঁকা স্থানে লিপির ওপর দক্ষতা এবং নিজ সাংস্কৃতিক মাটিতে শিকড় গাড়া নকশার গভীর অনুরণন। এখানেই দূরদৃষ্টি মেলে কারিগরি দক্ষতার সঙ্গে, আর দুটোই তাদের প্রকৃত অর্থ খুঁজে পায় যেসব গল্প, প্রতীক ও জনগোষ্ঠীর জন্য তারা কাজ করে, সেগুলোর মধ্যে।
বিচারকমণ্ডলী
GRANSHAN Bloom Award-এর বিচারকমণ্ডলী গঠিত হয়েছে গভীর সাংস্কৃতিক জ্ঞান ও বিস্তৃত পেশাগত অন্তর্দৃষ্টির সমন্বয়ে – যাতে প্রতিটি কাজকে তার সম্পূর্ণ টাইপোগ্রাফিক, সাংস্কৃতিক ও নকশাগত প্রেক্ষাপটে বোঝা যায়।
লিপিগোষ্ঠীর প্রধানেরা
প্রতিটি লিপিগোষ্ঠীর নেতৃত্বে থাকেন একজন লিপিগোষ্ঠীর প্রধান – সংশ্লিষ্ট লিখনপদ্ধতিতে আন্তর্জাতিক স্বীকৃতিসম্পন্ন, অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব। বিভিন্ন মাধ্যম সম্পর্কে সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার পাশাপাশি লিপিগোষ্ঠীর প্রধান নিশ্চিত করেন, প্রতিটি কাজের পর্যালোচনায় যেন সাংস্কৃতিক নির্ভুলতা ও টাইপোগ্রাফিক উপলব্ধি থাকে।
মাধ্যম বিশেষজ্ঞরা
লিপিগোষ্ঠীর প্রধানের পাশাপাশি প্রতিটি লিপিগোষ্ঠীতে থাকেন 3 – 5 জন মাধ্যম বিশেষজ্ঞ, যাঁদের দক্ষতা আমাদের নয়টি মাধ্যমভিত্তিক বিভাগের পুরো পরিসর জুড়ে বিস্তৃত। স্পষ্টতার জন্য এই বিভাগগুলোকে চারটি বিশেষজ্ঞ গুচ্ছে ভাগ করা হয়েছে:
সম্পাদকীয় নকশা ও প্রকাশনা, পোস্টার, প্যাকেজিং
ডিজিটাল মাধ্যম ও ইন্টারফেস নকশা, মোশন গ্রাফিক্স ও অ্যানিমেশন
স্থান ও অভিজ্ঞতাভিত্তিক নকশা, পরীক্ষামূলক, অপ্রকাশিত ও ক্যালিগ্রাফিক কাজ
প্রচারাভিযান, দৃশ্যপরিচয় ও ব্র্যান্ডিং
প্রতিটি লিপিগোষ্ঠীর বিচারকমণ্ডলীতে সব গুচ্ছের প্রতিনিধিত্ব থাকে, যাতে প্রতিটি প্রকল্প সংশ্লিষ্ট মাধ্যমের বিশেষজ্ঞ এবং তার লিখনপদ্ধতির বিশেষজ্ঞ – উভয়ের দ্বারাই পর্যালোচিত হয়।
লিপিতে দক্ষতা ও মাধ্যম সম্পর্কে জ্ঞান – এই দুই দিকের ওপর জোর দেওয়া হয় বলে আপনার কাজ তার প্রাপ্য নির্ভুলতা, ন্যায্যতা ও গভীরতার সঙ্গে মূল্যায়িত হয়।
50 Best of the Best বিচারকমণ্ডলী
শেষ পর্যায়ে 50 Best of the Best বিচারকমণ্ডলী সব Bloom Award বিজয়ীর কাজ বিবেচনা করে সর্বোচ্চ পঞ্চাশটি কাজকে 50 Best of the Best হিসেবে নির্বাচন করেন। এই বিচারকমণ্ডলীতে একত্র হন বিশ্ব নকশাজগতের সবচেয়ে খ্যাতিমান কিছু ব্যক্তিত্ব – পশ্চিমা ঐতিহ্যের প্রতিনিধিদের সঙ্গে যুক্ত হন লাতিনের বাইরের লিপির জগতের অগ্রগণ্য ব্যক্তিরা। এই সমন্বয় সচেতনভাবেই করা হয়েছে: যোগাযোগ নকশার সম্পূর্ণ পরিসরকে অন্তর্ভুক্ত করার পাশাপাশি লাতিন বর্ণমালার বাইরের বিশ্বলিপিগুলোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া এবং তাদের বৈশ্বিক সাংস্কৃতিক তাৎপর্য তুলে ধরা। ইতিমধ্যে যাঁরা অংশগ্রহণ নিশ্চিত করেছেন, তাঁদের মধ্যে আছেন Stefan Sagmeister।
বিচারকমণ্ডলীর সদস্যদের নাম পর্যায়ক্রমে ঘোষণা করা হবে; প্রথম নামগুলো প্রকাশ করা হবে 2026-এর শুরুতে।
বিচারপ্রক্রিয়া ও পুরস্কার
GRANSHAN Bloom Award-এর বিচারপ্রক্রিয়া তিনটি ধাপে চলে। প্রতিটি ধাপে উৎকর্ষকে স্বীকৃতি দেওয়া এবং প্রতিটি বিজয়ী প্রকল্প যেন অর্থবহ ও দৃশ্যমান স্বীকৃতি পায়, তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা।
সব কাজ অংশগ্রহণকারীর পরিচয় গোপন রেখে বিচারকমণ্ডলীর সামনে উপস্থাপন করা হয়। প্রতিটি প্রকল্পের সঙ্গে থাকে জমা দেওয়ার ফরমের বর্ণনামূলক লেখা (পরিচয় প্রকাশ করে এমন কোনো তথ্য ছাড়া) এবং যেখানে পাওয়া যায়, অ্যানিমেশন বা গতিশীল উপস্থাপনা। ফলে বিচারকরা নকশার দৃশ্যগত গুণমানের পাশাপাশি তার নির্ধারিত গতিশীল প্রেক্ষাপটে কাজটি কেমনভাবে কার্যকর হয়, তাও মূল্যায়ন করতে পারেন।
কী জিততে পারেন
প্রতিটি বিজয়ী কাজ একটি Bloom Award পায় – এটি GRANSHAN Bloom Award-এর স্বীকৃতিচিহ্ন। সব পুরস্কারের মর্যাদা সমান; সোনা, রুপা বা ব্রোঞ্জের কোনো ক্রমবিন্যাস নেই।
এই বিজয়ীদের মধ্য থেকে 50 Best of the Best বিচারকমণ্ডলী সর্বোচ্চ পঞ্চাশটি কাজকে 50 Best of the Best হিসেবে নির্বাচন করেন – এটি প্রতিযোগিতার সর্বোচ্চ সম্মাননা।
এ ছাড়া, সহযোগী সংগঠন ও প্রতিষ্ঠানের সঙ্গে মিলে আমরা একাধিক বিশেষ পুরস্কার দেওয়ার পরিকল্পনা করছি। যেমন, পরীক্ষামূলক উপকরণ ও উদীয়মান প্রযুক্তি নিয়ে অনুসন্ধান করে, টাইপোগ্রাফিক সংস্কৃতি ও ঐতিহ্যের গভীরে যায় অথবা সামাজিক প্রভাব তৈরিতে নকশার ক্ষমতা দেখায় – এমন প্রকল্পকে এই পুরস্কারগুলো তুলে ধরতে পারে। সহযোগিতা নিশ্চিত হলে নির্দিষ্ট বিশেষ পুরস্কারগুলো ঘোষণা করা হবে।
Supporting Foundries’ Choice Award
মূল বিচারকমণ্ডলীর পুরস্কারের পাশাপাশি আমাদের প্রতিটি সমর্থক ফাউন্ড্রি একটি বিশেষ স্বীকৃতি দিতে পারে: Foundry’s Choice। বিচারকমণ্ডলীর আনুষ্ঠানিক সিদ্ধান্তের পর প্রতিটি ফাউন্ড্রি এমন একটি পুরস্কারপ্রাপ্ত প্রকল্প বেছে নিতে পারে, যেখানে তাদের নিজস্ব টাইপফেস বিশেষ সৃজনশীলতা ও প্রভাবের সঙ্গে ব্যবহার করা হয়েছে।
এই প্রকল্পগুলো দুইবার বিশেষভাবে তুলে ধরা হবে – প্রথমে ফাউন্ড্রির নিজস্ব মাধ্যমে, পরে GRANSHAN-এর বৈশ্বিক প্ল্যাটফর্মগুলোতে। এতে নির্বাচিত কাজগুলো আন্তর্জাতিক নকশাজগতে আরও দৃশ্যমানতা, বিশ্বাসযোগ্যতা ও প্রচার পাবে।
অংশগ্রহণকারীদের জন্য এর অর্থ জেতার আরও একটি সুযোগ: Bloom Award-এর Bloom Award-এর বাইরেও আপনার প্রকল্পটি বিশ্বজুড়ে সক্রিয় কোনো অগ্রগণ্য টাইপ ফাউন্ড্রির বিশেষভাবে নির্বাচিত কাজ হতে পারে – যা আপনার কাজকে সরাসরি যুক্ত করবে বর্তমানের সবচেয়ে প্রভাবশালী কিছু স্বাধীন ফন্ট প্রকাশকের সঙ্গে।
বিচারপ্রক্রিয়ার তিনটি পর্ব
পর্ব 1 – বিশেষজ্ঞ বিচারকমণ্ডলীর মূল্যায়ন
এই পর্বে নির্দিষ্ট মাধ্যমভিত্তিক বিভাগ ও লিপিগোষ্ঠীর বিশেষজ্ঞ 100 জনেরও বেশি বিচারক সব কাজ পর্যালোচনা করেন। প্রতিটি বিচারক স্বাধীনভাবে 1 (নিম্ন) থেকে 5 (উচ্চ) পর্যন্ত নম্বর দেন। 3.0-এর কম নম্বর পাওয়া কাজ পরবর্তী পর্বে যায় না, যদি না কোনো বিচারক জোরালো যুক্তি দিয়ে কাজটিকে আবার মনোনীত করেন।
পর্ব 2 – Bloom Award-এর সিদ্ধান্ত
গড়ে 3.0 বা তার বেশি নম্বর পাওয়া সব কাজ পরবর্তী পর্বে যায়। এই কাজগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে বিশেষজ্ঞ বিচারকমণ্ডলী অনলাইন বৈঠকে মিলিত হয়। আলোচনা শেষে বিচারকরা Bloom Award দেওয়ার পক্ষে “হ্যাঁ” অথবা বিপক্ষে “না” ভোট দেন:
3 জন বিচারক: অন্তত 2টি “হ্যাঁ” ভোট প্রয়োজন
4 জন বিচারক: অন্তত 3টি “হ্যাঁ” ভোট প্রয়োজন
5 জন বিচারক: অন্তত 4টি “হ্যাঁ” ভোট প্রয়োজন
Bloom Award পাওয়া প্রতিটি কাজের জন্য একটি সনদ দেওয়া হয় – যা সেটিকে বছরের বিজয়ী কাজগুলোর একটি হিসেবে চিহ্নিত করে।
পর্ব 3 – Best of the Best
সব Bloom Award বিজয়ীর মধ্য থেকে 50 Best of the Best বিচারকমণ্ডলী সর্বোচ্চ পঞ্চাশটি কাজকে 50 Best of the Best হিসেবে নির্বাচন করেন – এটি প্রতিযোগিতার সর্বোচ্চ সম্মাননা। এই বিশিষ্ট বিচারকমণ্ডলীতে আছেন বিশ্ব নকশাজগতের সবচেয়ে খ্যাতিমান কিছু ব্যক্তিত্ব।
“Best of the Best” হিসেবে নির্বাচিত হওয়ার অর্থ, আপনার কাজ কেবল আপনার ক্ষেত্রের বিশেষজ্ঞদেরই মুগ্ধ করেনি, মুগ্ধ করেছে আমাদের সময়ের সবচেয়ে দূরদর্শী কিছু ডিজাইনারকেও।
বিজয়ীরা যা পাবেন
GRANSHAN Bloom Award জেতা কেবল একটি সম্মাননা পাওয়ার চেয়েও বেশি। এর অর্থ, আপনার কাজ টাইপোগ্রাফি ও নকশা নিয়ে বৈশ্বিক আলোচনার অংশ হবে – মানুষ তা দেখবে, উদ্যাপন করবে এবং মনে রাখবে। প্রতিটি স্বীকৃতির উদ্দেশ্য আপনার প্রকল্পকে দৃশ্যমানতা, প্রেক্ষাপট ও দীর্ঘস্থায়ী উপস্থিতি দেওয়া।
Bloom Award
প্রতিটি পুরস্কারপ্রাপ্ত কাজ পায় একটি GRANSHAN Bloom Award – অর্জনের এমন চিহ্ন, যা বিজয়ীরা নিজেদের সাফল্য তুলে ধরতে ব্যবহার করতে পারেন। সনদের পাশাপাশি বিজয়ীদের আনুষ্ঠানিক উপকরণ দেওয়া হয়, যাতে তাঁরা এই স্বীকৃতির খবর জানাতে পারেন – যেমন সামাজিক মাধ্যম, পোর্টফোলিও বা সংবাদমাধ্যমের জন্য পাঠানো তথ্যে।
বৈশ্বিক স্বীকৃতি
বিজয়ী প্রকল্পগুলো GRANSHAN এবং আমাদের সংবাদমাধ্যম সহযোগীদের বিভিন্ন মাধ্যমে বিশেষভাবে তুলে ধরা হয়, যা আন্তর্জাতিক নকশাজগৎ ও তার বাইরেও পৌঁছায়। পেশাগত নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বজুড়ে ডিজাইনার, গ্রাহক, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের কাছে আপনার কাজ দৃশ্যমান হয়।
অনলাইন প্রদর্শনী ও আর্কাইভ
granshan.com-এ কিউরেট করা একটি অনলাইন প্রদর্শনীতে সব বিজয়ী কাজ উপস্থাপন করা হয়। প্রথম প্রদর্শনের পর প্রতিটি প্রকল্প GRANSHAN-এর স্থায়ী অনলাইন আর্কাইভের অংশ হয় – তথ্যসূত্র, গবেষণা ও অনুপ্রেরণার জন্য সবার কাছে উন্মুক্ত এক দীর্ঘস্থায়ী নথি।
মুদ্রিত প্রকাশনায় স্বীকৃতি
প্রতিটি বিজয়ীর কাজ GRANSHAN-এর আনুষ্ঠানিক মুদ্রিত উপকরণে অন্তর্ভুক্ত করা হবে। Best of the Best বিজয়ীদের কাছে এই উপকরণ সরাসরি পাঠানো হয়; অন্য বিজয়ীরা পাঠানোর খরচ বহন করে অনুরোধের ভিত্তিতে তা পেতে পারেন অথবা GRANSHAN-এর প্রদর্শনী ও সম্মেলন থেকে সংগ্রহ করতে পারেন। ক্যাটালগের চেয়েও বেশি কিছু, এই মুদ্রিত উপকরণগুলো টাইপোগ্রাফিক উৎকর্ষের বাস্তব দলিল।
পুরস্কারের প্রথম ঘোষণা ও মূল প্রদর্শনী
টাইপোগ্রাফি, সংস্কৃতি ও নকশাকে কেন্দ্র করে আয়োজিত সম্মেলনের অংশ হিসেবে GRANSHAN Bloom Award অনুষ্ঠানে Best of the Best প্রকাশ করা হয়। আয়োজনের পাশাপাশি একটি কিউরেট করা প্রদর্শনী দর্শকদের প্রতিটি নির্বাচিত কাজের পূর্ণ প্রভাব অনুভব করার সুযোগ দেয়।
আঞ্চলিক ও সহযোগী প্রদর্শনী
পুরস্কারের প্রথম ঘোষণা ও মূল প্রদর্শনীর পর GRANSHAN-এর আন্তর্জাতিক সহযোগী নেটওয়ার্কের মাধ্যমে নির্বাচিত কাজগুলো উপস্থাপন করা হবে – এর মধ্যে থাকবে আঞ্চলিক প্রদর্শনী, যা বিশ্বের বিভিন্ন অঞ্চলে একই সময়ে চলতে পারে।
প্রদর্শনী ও প্রকাশনায় অন্তর্ভুক্তির সুযোগ রাখতে সব অংশগ্রহণকারীকে কাজ জমা দেওয়ার সময় অন্তত একটি মুদ্রণের জন্য প্রস্তুত ছবি বা প্রতিরূপ দিতে হবে।
বিভাগ ও ফি
GRANSHAN Bloom Award কমিউনিটির উদ্যোগে, কমিউনিটির জন্য তৈরি।
আমাদের লক্ষ্য, সব আকারের এবং সব অর্থনৈতিক প্রেক্ষাপটের ডিজাইনার ও সংগঠনের অংশগ্রহণের সুযোগ তৈরি করা – একই সঙ্গে প্রতিযোগিতা আয়োজন, বিচারপ্রক্রিয়া পরিচালনা এবং বিজয়ীদের যথাযথ সম্মান জানানো নিশ্চিত করা।
প্রক্রিয়াটি ন্যায্য রাখতে আমরা নিজের পরিস্থিতি মূল্যায়নের ভিত্তিতে তিনটি ফি স্তর দিচ্ছি:
স্বল্প আয়ের ব্যক্তি / শিক্ষার্থী / ইন্টার্ন / ফ্রিল্যান্সার – সীমিত সামর্থ্যের ব্যক্তি, শিক্ষার্থী ও স্বাধীন ডিজাইনারদের জন্য।
ছোট ও মাঝারি প্রতিষ্ঠান – তুলনামূলক ছোট দল ও সীমিত বার্ষিক বিক্রয় আয়ের স্টুডিও এবং এজেন্সির জন্য।
বড় প্রতিষ্ঠান – বেশি সাংগঠনিক সক্ষমতার প্রতিষ্ঠিত এজেন্সি, কোম্পানি বা প্রতিষ্ঠানের জন্য।
প্রত্যেক অংশগ্রহণকারী নিজের পরিস্থিতির সঙ্গে সবচেয়ে মানানসই স্তরটি বেছে নেবেন – এই আস্থা আমাদের আছে। কাজ জমা দেওয়ার শেষ সময় পর্যন্ত ফি একই থাকবে – কোনো পর্যায়ভেদ নেই, ফি বাড়বে না। প্রচারাভিযান এবং দৃশ্যপরিচয় ও ব্র্যান্ডিং বিভাগের ফি অন্য বিভাগের দ্বিগুণ। কাজ জমা দেওয়ার ফি-ই একমাত্র আবশ্যিক খরচ: বিজয়ীদের জন্য আলাদা ফি নেই, কোনো গোপন ফি নেই।
প্রতিটি জমা দেওয়া কাজ এবং প্রতিটি মাধ্যমভিত্তিক বিভাগের জন্য ফি প্রযোজ্য – একটি প্রকল্প একাধিক বিভাগে জমা দিলে প্রতিটি কাজ আলাদাভাবে মূল্যায়ন করা হয় এবং আলাদা ফি দিতে হয়। একমাত্র ব্যতিক্রম হলো 27 অক্টোবর 2026-এর আগে জমা দেওয়া কাজের জন্য বিনা ফিতে অতিরিক্ত একটি কাজ জমা দেওয়ার সুবিধা।
ইতিমধ্যে কাজ জমা দিয়েছেন? আপনার জমা দেওয়া কাজ ঠিক আগের মতোই থাকবে। 27 অক্টোবর 2026-এর আগে জমা দেওয়া কাজ 22 ডিসেম্বর 2026 পর্যন্ত বিনা ফিতে সংশোধন বা সম্পূর্ণ করা যাবে। ফি এখন কমেছে বলে আপনি বিনা ফিতে অতিরিক্ত একটি কাজ জমা দেওয়ার সুযোগও পাবেন; আমরা ব্যক্তিগতভাবে আপনার সঙ্গে যোগাযোগ করব।
| বিভাগ | স্বল্প আয়ের ব্যক্তি / শিক্ষার্থী / ফ্রিল্যান্সার | ছোট ও মাঝারি প্রতিষ্ঠান | বড় প্রতিষ্ঠান |
|---|---|---|---|
| 1. সম্পাদকীয় নকশা ও প্রকাশনা | 15 € | 45 € | 125 € |
| 2. পোস্টার (মুদ্রিত ও ডিজিটাল) | 15 € | 45 € | 125 € |
| 3. প্যাকেজিং | 15 € | 45 € | 125 € |
| 4. ডিজিটাল মাধ্যম ও ইন্টারফেস নকশা | 15 € | 45 € | 125 € |
| 5. মোশন গ্রাফিক্স ও অ্যানিমেশন | 15 € | 45 € | 125 € |
| 6. স্থান ও অভিজ্ঞতাভিত্তিক নকশা | 15 € | 45 € | 125 € |
| 7. প্রচারাভিযান | 30 € | 90 € | 250 € |
| 8. দৃশ্যপরিচয় ও ব্র্যান্ডিং | 30 € | 90 € | 250 € |
| 9. পরীক্ষামূলক, অপ্রকাশিত ও ক্যালিগ্রাফিক কাজ | 15 € | 45 € | 125 € |
কাজ জমা দেওয়ার সময়সূচি ও বিচারপ্রক্রিয়া
GRANSHAN Bloom Award সুস্পষ্ট ধাপে এগিয়ে চলে – যাতে আপনি আপনার সেরা কাজ প্রস্তুত করার যথেষ্ট সময় পান এবং ন্যায্য ও পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন নিশ্চিত হয়।
কাজ জমা দেওয়ার পর্যায়
কাজ জমা নেওয়া শুরু: ডিসেম্বর 2025
27 অক্টোবর 2026 থেকে সবার জন্য কাজ জমা দেওয়ার ফি কমেছে; শেষ সময় পর্যন্ত একই থাকবে – কোনো পর্যায়ভেদ নেই, ফি বাড়বে না
কাজ জমা দেওয়ার শেষ তারিখ: 22 ডিসেম্বর 2026 – এটিই চূড়ান্ত তারিখ, আর বাড়ানো হবে না
কাজ জমা দেওয়ার পর
প্রশাসনিক প্রস্তুতি: ডিসেম্বর 2026 – বিচারকমণ্ডলীর পর্যালোচনার জন্য সব কাজ প্রস্তুত করা হয়।
মূল্যায়ন ও চূড়ান্ত নির্বাচন: জানুয়ারি – এপ্রিল 2027 – লিপিগোষ্ঠী ও তাদের বিশেষজ্ঞ বিচারকমণ্ডলী জানুয়ারিতে কাজগুলোর পৃথক মূল্যায়ন করবে, এরপর ফেব্রুয়ারিতে সঞ্চালকের পরিচালনায় আলোচনা হবে এবং মার্চে সিদ্ধান্ত নেওয়া হবে; 50 Best of the Best বিচারকমণ্ডলী এপ্রিলে নির্বাচন করবে।
বিজয়ীদের ঘোষণা: 2027-এর প্রথমার্ধের শেষভাগে – GRANSHAN Conference & Ceremony-এর মঞ্চে বিজয়ীদের নাম প্রকাশ করা হবে (স্থান ও তারিখ পরে জানানো হবে)।
আমরা আমাদের প্রতিশ্রুতি রাখছি: 17 মার্চ 2026-এ শেষ হওয়া আগের আগাম জমা দেওয়ার পর্বে যে কাজগুলো জমা পড়েছে এবং পরে পুরস্কার পাবে, সেগুলো বিশেষ স্বীকৃতি পাবে। প্রতিযোগিতা-পরবর্তী GRANSHAN-এর প্রচারে এই আগাম কাজ জমা দেওয়া বিজয়ীদের কাজই সবার আগে তুলে ধরা হবে। ফলে বিশ্বের সামনে ফলাফল ঘোষণার সময় তাঁদের কাজ দৃশ্যমান হওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবে।
GRANSHAN Supporting Foundries Club
একদল মাঝারি আকারের টাইপ ফাউন্ড্রি একত্র হয়ে GRANSHAN Bloom Award-এর ধারণা গড়ে তোলা ও চালু করায় সহায়তা করেছে – অর্থনৈতিক ও কৌশলগত উভয় অবদানের মাধ্যমে। তারা প্রতিযোগিতার সামগ্রিক ধারণাকে সমর্থন দিয়েছে এবং এখন নিজস্ব মাধ্যমগুলোতে এর প্রসার বাড়াতে সক্রিয় ভূমিকা রাখছে।
প্রতিটি সমর্থক ফাউন্ড্রি একটি বিশেষ স্বীকৃতিও দেবে: তাদের টাইপফেস ব্যবহৃত হয়েছে এমন একটি বিজয়ী প্রকল্প বেছে নিয়ে নিজেদের প্ল্যাটফর্মে, GRANSHAN-এর মাধ্যমে এবং সামাজিক মাধ্যমে বিশেষ প্রদর্শনে সেটিকে তুলে ধরবে।
তাদের ভূমিকা সম্পূর্ণভাবে সহায়তামূলক – তারা বিচারপ্রক্রিয়ায় অংশ নেয় না। বরং প্রতিযোগিতার ভিত্তি মজবুত করা, এর যোগাযোগ কার্যক্রমে সহায়তা করা এবং বিশ্বজুড়ে বিজয়ীদের সাফল্য উদ্যাপন করাই তাদের ভূমিকা। এই বিশেষ সংযোগটি দৃশ্যমান হবে একটি সমর্থক ফাউন্ড্রির নির্বাচিত কাজের বিশেষ প্রদর্শনীতে – এটি এক অনন্য পুরস্কার, যা ফাউন্ড্রির টাইপফেসের ব্যতিক্রমী ব্যবহার করা কাজগুলোকে তুলে ধরে।
কাজ জমা দেওয়ার প্ল্যাটফর্ম ও বিভাগভিত্তিক ফাইলের ধরন
GRANSHAN Bloom Award-এর সব কাজ আমাদের নির্দিষ্ট কাজ জমা দেওয়ার প্ল্যাটফর্মের মাধ্যমে জমা দিতে হয়। প্রতিযোগিতার প্ল্যাটফর্ম তৈরির একজন বিশেষজ্ঞের সহযোগিতায় এটি তৈরি হয়েছে। এখানে আপনি নির্ধারিত ডিজিটাল ফাইলের ধরনে কাজ আপলোড করতে পারেন এবং পুরো প্রক্রিয়ায় ধাপে ধাপে দিকনির্দেশনা পান। কাজ করার সঙ্গে সঙ্গে তথ্য সংরক্ষিত হয়, তাই ফি দেওয়ার আগে যতবার খুশি সংশোধন ও হালনাগাদ করতে পারেন – আগে থেকেই শুরু করুন এবং এগোতে এগোতে কাজ পরিমার্জন করুন। অংশগ্রহণের ফি দিলেই কাজ জমা হয়; ফি দেওয়ার পর সেটি লক হয়ে যায় এবং আর সম্পাদনা বা বাতিল করা যায় না। 27 অক্টোবর 2026-এর আগে জমা দেওয়া কাজ 22 ডিসেম্বর 2026 পর্যন্ত বিনা ফিতে সংশোধন বা সম্পূর্ণ করা যাবে।
বাস্তব বস্তু বা মুদ্রিত কাজের জন্য উচ্চমানের ডিজিটাল নথি অপরিহার্য – এমন ছবি, স্ক্যান বা ভিডিও, যাতে কাজটি স্পষ্টভাবে দেখা যায়। যেমন, একটি সাময়িকী পাতা উল্টে দেখা যায় এমন PDF হিসেবে এবং পাতা ওলটানোর ছোট ভিডিও হিসেবে আপলোড করা যায়। টাইপোগ্রাফিক খুঁটিনাটি দেখাতে পৃথক পাতার উচ্চ রেজোলিউশনের ছবিও সঙ্গে দেওয়া যায়।
কাজ জমা দেওয়ার প্ল্যাটফর্মে শুধু আপনার প্রকল্পের ফাইল নয়, বিচারকমণ্ডলীর মূল্যায়নের জন্য প্রয়োজনীয় তথ্যও সংগ্রহ করা হয়। কাজ পুরস্কার পেলে সেই তথ্য সরাসরি আমাদের অনলাইন প্রদর্শনীতে, মুদ্রিত ক্যাটালগে এবং বাস্তব প্রদর্শনে ব্যবহার করা যাবে। আপনাকে যা দিতে বলা হবে:
অংশগ্রহণকারীর পরিচিতি ও যোগাযোগের তথ্য
ছবি (jpg, png), PDF, ভিডিও
প্রকল্পের সংক্ষিপ্ত বর্ণনা
সব অবদানকারীর নাম ও ভূমিকা, প্রত্যেকের প্রতিকৃতি এবং সংক্ষিপ্ত জীবনীসহ
সব উপকরণ এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে আপনার কাজ পুরস্কার পেলে আর সম্পাদনা ছাড়াই ডিজিটাল প্রক্ষেপণ, বড় আকারে মুদ্রণ বা অনলাইন উপস্থাপনায় ব্যবহার করা যায়। বিচারপ্রক্রিয়ায় পৃথক মূল্যায়নের সময় বিচারকমণ্ডলী একই প্ল্যাটফর্মে আপনার কাজ পর্যালোচনা ও মূল্যায়ন করবে। মনে রাখবেন: অংশগ্রহণের ফি দেওয়ার পরই কাজ বিচারকমণ্ডলীর কাছে পাঠানো হবে।
ন্যায্য মূল্যায়ন নিশ্চিত করতে সব প্রকল্প অংশগ্রহণকারীর পরিচয় গোপন রেখে বিচারকমণ্ডলীর সামনে উপস্থাপন করা হয়। জমা দেওয়ার ফরমে দেওয়া বর্ণনামূলক লেখা কাজের সঙ্গে থাকবে, তবে তাতে অংশগ্রহণকারীর পরিচয় প্রকাশ করে এমন কোনো তথ্য রাখা যাবে না। যেখানে সম্ভব, জমা দেওয়া কাজে অ্যানিমেশন বা গতিশীল উপকরণ (ভিডিও, GIF বা সমতুল্য) যুক্ত করা উচিত, যাতে বিচারকমণ্ডলী কাজটিকে তার নির্ধারিত গতিশীল রূপে অনুভব করতে পারে।
1. সম্পাদকীয় নকশা ও প্রকাশনা
পর্ব 1 – ডিজিটালভাবে কাজ জমা দেওয়া
উচ্চ রেজোলিউশনের PDF (300 dpi, সর্বোচ্চ 20 MB), যাতে প্রচ্ছদ, বাছাই করা দুই পাতাজোড়া বিন্যাস এবং গুরুত্বপূর্ণ টাইপোগ্রাফিক খুঁটিনাটিসহ পুরো প্রকাশনাটি দেখা যায়।
উচ্চমানের একগুচ্ছ ছবি (JPEG, 300 dpi), যাতে দেখা যায়:
বাস্তব বস্তু হিসেবে প্রকাশনাটি (সামনের প্রচ্ছদ, পেছনের প্রচ্ছদ, মলাটের পিঠ, আকার বোঝার তুলনামূলক নির্দেশক)
সামগ্রিক বিন্যাস বোঝাতে পৃথক পাতা ও দুই পাতাজোড়া বিন্যাস
গুরুত্বপূর্ণ টাইপোগ্রাফিক উপাদানের কাছ থেকে তোলা ছবি
ঐচ্ছিক: প্রকাশনাটির পাতা উল্টে দেখানোর ছোট ভিডিও (≤2 মিনিট, MP4)।
পর্ব 2 – সংক্ষিপ্ত তালিকায় নির্বাচনের পর – বাস্তব কপি জমা দেওয়া
প্রতিটি কাজের একটি মুদ্রণের জন্য প্রস্তুত কপি নির্ধারিত আঞ্চলিক ঠিকানায় জমা দিন (সংক্ষিপ্ত তালিকায় নির্বাচনের পর বিস্তারিত জানানো হবে)। এগুলো সরাসরি উপস্থিত থেকে মূল্যায়নে ব্যবহার করা হবে এবং পরে বাস্তব প্রদর্শনীর অংশ হবে।
2. পোস্টার (মুদ্রিত ও ডিজিটাল)
ডিজিটালভাবে কাজ জমা দেওয়া
পোস্টারের ফাইল: JPEG/PNG (300 dpi, চূড়ান্ত মুদ্রণের আকারে; যেমন A1/A0 বা বিলবোর্ডের অনুপাতে)
বহিরাঙ্গন কাজের জন্য: কাজটির আকার ও প্রভাব বোঝাতে নির্ধারিত পরিবেশে পোস্টারটি দেখানো একটি অতিরিক্ত ছবি (যেমন রাস্তায় 18/1 বিলবোর্ড)।
ডিজিটাল পোস্টারের জন্য: MP4 ফাইল (1080p, ≤3 মিনিট) বা সচল প্রদর্শনের লিংক।
ঐচ্ছিক: মুদ্রণের জন্য প্রস্তুত সংস্করণে কাটার চিহ্নসহ PDF।
3. প্যাকেজিং
পর্ব 1 – ডিজিটালভাবে কাজ জমা দেওয়া
একগুচ্ছ ছবি (JPEG, 300 dpi), যাতে প্যাকেজিংকে একটি ত্রিমাত্রিক (3D) বস্তু হিসেবে সব প্রাসঙ্গিক কোণ থেকে দেখা যায়।
উচ্চ রেজোলিউশনের PDF-এ সমতল বিন্যাস (খোলা অবস্থায় কাটার ও ভাঁজের ছক), যাতে প্রেক্ষাপটসহ টাইপোগ্রাফিক বিন্যাস বোঝা যায়।
ঐচ্ছিক: প্যাকেজটি ব্যবহারের প্রক্রিয়া, যেমন বাক্স খোলা, দেখানোর ছোট ভিডিও (≤2 মিনিট)।
পর্ব 2 – সংক্ষিপ্ত তালিকায় নির্বাচনের পর – বাস্তব কপি জমা দেওয়া
প্রতিটি কাজের একটি মুদ্রণের জন্য প্রস্তুত কপি নির্ধারিত আঞ্চলিক ঠিকানায় জমা দিন (সংক্ষিপ্ত তালিকায় নির্বাচনের পর বিস্তারিত জানানো হবে)। এগুলো সরাসরি উপস্থিত থেকে মূল্যায়নে ব্যবহার করা হবে এবং পরে বাস্তব প্রদর্শনীর অংশ হবে।
4. ডিজিটাল মাধ্যম ও ইন্টারফেস নকশা
মিথস্ক্রিয়া ও নেভিগেশন দেখানোর ভিডিও প্রদর্শন (MP4, ≤3 মিনিট)।
প্রধান স্ক্রিনগুলোর স্ক্রিনশট (JPEG, 1920×1080 px)।
সচল সাইট/অ্যাপের URL (বিচারপ্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত প্রবেশযোগ্য রাখতে হবে)।
5. মোশন গ্রাফিক্স ও অ্যানিমেশন
MP4/MOV ফরম্যাটে ভিডিও (1920 × 1080 px, ≤3 মিনিট, ≤3 GB)
ঐচ্ছিক স্টোরিবোর্ড PDF (সর্বোচ্চ 4 পাতা)
6. স্থান ও অভিজ্ঞতাভিত্তিক নকশা
ছবির সিরিজ (JPEG, 300 dpi): প্রেক্ষাপটের ছবি + খুঁটিনাটির ছবি
ঐচ্ছিক ভিডিও প্রদর্শন (MP4, ≤2 মিনিট)
স্থানের পরিকল্পনা / বিন্যাসের অঙ্কন (PDF, সম্ভব হলে ভেক্টরভিত্তিক)
7. প্রচারাভিযান
বাস্তবায়নের প্রতিটি প্রধান উপাদানের ছবি (JPEG) (মুদ্রিত উপকরণ, পোস্টার, ডিজিটাল বিজ্ঞাপন)
প্রচারাভিযান চালুর ধাপগুলো দেখানো ঐচ্ছিক ভিডিও (MP4, ≤3 মিনিট)
সচল প্রচারাভিযানের প্ল্যাটফর্মগুলোর লিংক
8. দৃশ্যপরিচয় ও ব্র্যান্ডিং
লোগোর বিভিন্ন সংস্করণের PDF (ভেক্টরভিত্তিক), সঙ্গে ব্যবহারের উদাহরণ (JPEG)
ব্র্যান্ডের প্রয়োগ দেখানো ছবি (যেমন স্টেশনারি, প্যাকেজিং)
ঐচ্ছিক নির্দেশিকা PDF (সর্বোচ্চ 5 পাতা)
9. পরীক্ষামূলক, অপ্রকাশিত ও ক্যালিগ্রাফিক কাজ
PDF পোর্টফোলিও বা নথি (সর্বোচ্চ 10 পাতা)
ঐচ্ছিক ডিজিটাল প্রোটোটাইপ: ভিডিও প্রদর্শন বা URL
প্রাসঙ্গিক যেকোনো ধারণামূলক উপকরণ (স্কেচ, গবেষণার নোট)
অংশগ্রহণের নিয়ম ও অভিন্ন মূল্যবোধ
GRANSHAN Bloom Award কেবল একটি প্রতিযোগিতার চেয়েও বেশি – এটি উৎকর্ষ, সম্মান ও সাংস্কৃতিক সংলাপের একটি অভিন্ন পরিসর। এই পরিসরকে সবার জন্য উন্মুক্ত, ন্যায্য ও অনুপ্রেরণাদায়ক রাখতেই আমাদের নিয়মগুলো তৈরি।
অংশগ্রহণের ভিত্তি তিনটি সহজ অঙ্গীকার:
আমাদের অভিন্ন নীতি
অংশগ্রহণের মাধ্যমে আপনি GRANSHAN স্বেচ্ছা অঙ্গীকারপত্রে সম্মতি দিচ্ছেন। এতে পারস্পরিক বোঝাপড়া ও পরিচয় গঠনের শক্তি হিসেবে নকশার প্রতি আমাদের বিশ্বাস এবং আগ্রাসন, বৈষম্য বা হয়রানিকে কোনো মঞ্চ না দেওয়ার অবস্থান প্রতিফলিত হয়।যোগ্যতা
জমা দেওয়া কাজ মৌলিক হতে হবে অথবা স্রষ্টার বা স্রষ্টাদের পূর্ণ অনুমতি নিয়ে জমা দিতে হবে। প্রতিটি কাজে লাতিনের বাইরের অন্তত একটি লিপি থাকতে হবে, যা লেখার উল্লেখযোগ্য অংশ বহন করবে – একটি শব্দ বা আলংকারিক ছোঁয়া যথেষ্ট নয় – এবং কাজটি প্রতিযোগিতার মাধ্যমভিত্তিক বিভাগের অন্তর্ভুক্ত হতে হবে। প্রকাশিত, প্রকাশের অপেক্ষায় থাকা এবং অপ্রকাশিত কাজ – সবই স্বাগত; এর মধ্যে স্পষ্টভাবে চিহ্নিত শিক্ষার্থী ও ইন্টার্নশিপ প্রকল্পও রয়েছে।কপিরাইট ও ব্যবহারের অধিকার
কাজ জমা দেওয়ার মাধ্যমে আপনি নিশ্চিত করছেন যে আপনার কাজের প্রয়োজনীয় অধিকার আপনার রয়েছে। প্রদর্শনী, প্রকাশনা ও পুরস্কার-সংশ্লিষ্ট মাধ্যমে সব সময় যথাযথ নামোল্লেখসহ আপনার কাজ উপস্থাপনের জন্য আপনি GRANSHAN ও তার সহযোগীদের একটি অ-একচেটিয়া লাইসেন্স দিচ্ছেন। আপনার কাজে তৃতীয় পক্ষের উপকরণ থাকলে তা ব্যবহারের অধিকার নিশ্চিত করার দায়িত্ব আপনার। গোপনীয় বা প্রকাশ স্থগিত রাখা প্রকল্প সতর্কতা ও গোপনীয়তার সঙ্গে পরিচালনা করা হবে।
এই অঙ্গীকারগুলো GRANSHAN Bloom Award-কে ন্যায্যতা ও সততার ভিত্তিতে অটল রাখে – যাতে লিপি ও নকশার এই উদ্যাপন সংশ্লিষ্ট কমিউনিটিগুলোর মতোই উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও প্রাণবন্ত থাকে।
GRANSHAN স্বেচ্ছা অঙ্গীকারপত্র
বৈশ্বিক দৃশ্যপরিচয়ের কেন্দ্র হিসেবে GRANSHAN ফন্ট ও টাইপোগ্রাফি, নকশা ও যোগাযোগকে উদ্যাপন করে। এর মাধ্যমে স্থানীয়, আঞ্চলিক ও বৈশ্বিকের মধ্যে ভারসাম্য রেখে কমিউনিটি, সংস্কৃতি ও ব্যবসার বিকাশে সহায়তা করে GRANSHAN। GRANSHAN আন্তর্জাতিক বোঝাপড়ার একটি প্রকল্প: উচ্চমানের ফন্ট ও উৎকৃষ্ট টাইপোগ্রাফির সাহায্যে পরিচালিত যোগাযোগ পারস্পরিক আদানপ্রদান সম্ভব করে এবং পরিচয়কে শক্তিশালী করে। আমাদের দৃষ্টিভঙ্গি কখনো কাউকে বাদ দেওয়ার নয়; বরং বিস্তৃত ও অন্তর্ভুক্তিমূলক।
একই সঙ্গে বিশ্বজুড়ে নানা ধরনের সংঘাত ও সব ধরনের অন্যায় সম্পর্কে আমরা সচেতন; বিশ্বজুড়ে সক্রিয় একটি প্রকল্প হিসেবে আমাদের নিয়মিত সেগুলোর মুখোমুখি হতে হয়। বাইরে থেকে কোনো বিষয়ে বিচার করার চ্যালেঞ্জ ও ভুলের ঝুঁকি সম্পর্কে আমরা সচেতন। GRANSHAN Foundation-এর প্রতিষ্ঠাতা ও সমর্থকদের মধ্যে অনেকেরই এসব ক্ষেত্রে দৃঢ় মতামত আছে। আমরা সেসব মতামতকে সম্মান করি এবং – যতক্ষণ এই সম্মান ও উন্মুক্ততা পারস্পরিক থাকে – ততক্ষণ সানন্দে নানা মতামতের মুখোমুখি হতে এবং পারস্পরিক বোঝাপড়ার চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত থাকি।
আমাদের সব কার্যক্রমে সীমারেখা স্পষ্ট: যিনি যেকোনো ধরনের আগ্রাসী যুদ্ধ, সন্ত্রাসবাদ বা কোনো ধরনের বৈষম্য ও হয়রানির পক্ষে কথা বলেন, তাঁকে আমরা কোনো মঞ্চ দিতে পারি না। আন্তর্জাতিক আইন, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার ভিত্তিতে প্রতিষ্ঠিত বিশ্বব্যবস্থার পক্ষে আমাদের অবস্থান।
যোগ্যতা ও কপিরাইটের ঘোষণা
1. যোগ্যতার মানদণ্ড
1.1 জমা দেওয়া কাজ অংশগ্রহণকারীর নিজস্ব মৌলিক সৃষ্টি হতে হবে অথবা মূল স্রষ্টার বা স্রষ্টাদের সুস্পষ্ট অনুমতি নিয়ে জমা দিতে হবে।
1.2 যোগ্য কাজে লাতিনের বাইরের অন্তত একটি লিপি থাকতে হবে এবং তা প্রতিযোগিতার নির্ধারিত মাধ্যমভিত্তিক বিভাগের অন্তর্ভুক্ত হতে হবে।
1.3 নিম্নলিখিত ধরনের কাজ গ্রহণ করা হয়:
প্রকাশিত কাজ (বাণিজ্যিকভাবে প্রকাশিত বা ফরমায়েশ অনুযায়ী তৈরি)
প্রকাশের অপেক্ষায় থাকা কাজ (এখনও প্রকাশিত হয়নি, তবে প্রকাশের পরিকল্পনা রয়েছে)
অপ্রকাশিত কাজ (ধারণামূলক, গবেষণাভিত্তিক বা সম্ভাবনা অন্বেষণমূলক)
1.4 শিক্ষার্থী ও ইন্টার্নশিপ প্রকল্প যোগ্য বলে গণ্য হবে এবং জমা দেওয়ার সময় স্পষ্টভাবে সেই পরিচয়ে চিহ্নিত করতে হবে।
2. কপিরাইট ও ব্যবহারের অধিকার
2.1 জমা দেওয়া কাজের সব কপিরাইট অংশগ্রহণকারীর কাছেই থাকবে। অংশগ্রহণের মাধ্যমে অংশগ্রহণকারী শুধু GRANSHAN Bloom Award-সংশ্লিষ্ট উদ্দেশ্যে GRANSHAN ও তার সহযোগীদের নিচে বর্ণিত সুনির্দিষ্ট ও সীমিত ব্যবহারের অধিকার দেন।
2.2 কাজ জমা দেওয়ার মাধ্যমে অংশগ্রহণকারী নিশ্চিত করেন যে তিনি জমা দেওয়া কাজের বৈধ কপিরাইটধারী অথবা বৈধ কপিরাইটধারীর বা কপিরাইটধারীদের কাছ থেকে পূর্ণ লিখিত অনুমতি নিয়েছেন।
2.3 অংশগ্রহণকারী GRANSHAN ও তার আনুষ্ঠানিক সহযোগীদের নিম্নলিখিত কাজের জন্য একটি অ-একচেটিয়া, বিশ্বব্যাপী প্রযোজ্য ও রয়্যালটিমুক্ত লাইসেন্স দেন:
GRANSHAN Bloom Award-সংশ্লিষ্ট অবাণিজ্যিক উদ্দেশ্যে কাজটি পুনরুৎপাদন, প্রদর্শন ও বিতরণ করা; এর মধ্যে রয়েছে প্রদর্শনী, মুদ্রিত ও ডিজিটাল প্রকাশনা, নথি এবং পুরস্কার-সংশ্লিষ্ট প্রচার উপকরণ।
যথাযথ নামোল্লেখসহ কাজটি আর্কাইভে সংরক্ষণ করা এবং ভবিষ্যৎ GRANSHAN প্রকাশনা, গবেষণা বা অতীত কাজের পর্যালোচনায় উপস্থাপন করা।
3. তৃতীয় পক্ষের উপকরণের ব্যবহার
3.1 জমা দেওয়া কাজে তৃতীয় পক্ষের ফন্ট, ছবি বা মেধাসম্পদের মতো উপাদান অন্তর্ভুক্ত থাকলে, ব্যবহারের জন্য প্রয়োজনীয় সব অধিকার নিশ্চিত করার সম্পূর্ণ দায়িত্ব অংশগ্রহণকারীর।
3.2 অনুমতি ছাড়া ব্যবহৃত তৃতীয় পক্ষের উপকরণ রয়েছে এমন কাজ জমা দেওয়ার ফলে কপিরাইট লঙ্ঘন বা সংশ্লিষ্ট কোনো আইনি দাবি উঠলে GRANSHAN Bloom Award-এর আয়োজকেরা কোনো দায় নেবেন না।
4. গোপনীয় বা প্রকাশের আগের কাজ
4.1 জমা দেওয়া কাজে গোপনীয় বা এখনও প্রকাশিত হয়নি এমন উপকরণ থাকলে অংশগ্রহণকারী তা জানাতে পারেন। এই কাজগুলো সতর্কতা ও গোপনীয়তার সঙ্গে পরিচালনা করা হবে এবং প্রকাশের লিখিত অনুমতি পাওয়া বা সম্মত প্রকাশের তারিখ আসার আগে প্রকাশ্যে প্রদর্শন করা হবে না।
4.2 অংশগ্রহণকারী প্রকাশ স্থগিত রাখা বা শর্তসাপেক্ষে প্রদর্শন সীমিত রাখার অনুরোধও করতে পারেন। বাস্তবসম্মত হলে সেই অনুরোধ মানা হবে।
5. সম্মতির ঘোষণা
কাজ জমা দেওয়ার সময় সব অংশগ্রহণকারীকে নিম্নলিখিত ঘোষণায় সম্মতি দিতে হবে: “আমি এই মর্মে ঘোষণা করছি যে জমা দেওয়া কাজটি মৌলিক, আমি এর কপিরাইটধারী অথবা কাজটি জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় সব অধিকার নিশ্চিত করেছি এবং আমি GRANSHAN Bloom Award-এর যোগ্যতা ও কপিরাইটের শর্তগুলো গ্রহণ করছি ও মেনে চলছি।”
প্রিয় লিপি, প্রিয় জগৎ
ব্যক্তিগত দক্ষতা থেকে সম্মিলিত স্বীকৃতির এই যাত্রা কেবল পুরস্কারেই পূর্ণতা পায় না; এর পূর্ণতা আসে সবার সামনে একসঙ্গে দৃশ্যমান হওয়া, সংলাপ এবং সংস্কৃতির সীমানা পেরিয়ে অনুরণনে।
এ এমন এক উদ্যাপন, যা ডিজিটাল ও ক্ষণস্থায়ী পরিসরের বাইরেও বেঁচে থাকে – বাস্তব রূপে, জনপরিসরে এবং মানুষ ও তার লিপির মধ্যকার গভীর সাংস্কৃতিক বন্ধনে প্রোথিত হয়ে।
বিশ্বের বহু অঞ্চলে – আর্মেনিয়া থেকে কোরিয়া, থাইল্যান্ড থেকে ভারতীয় উপমহাদেশ – লিখনপদ্ধতি নিছক যোগাযোগের উপকরণ নয়; পরিচয়, একাত্মতা ও ধারাবাহিকতার শক্তিশালী প্রতীক।
GRANSHAN-এর যাত্রা এই সংযোগকে সম্মান জানায়: লেখার অধিকার, দৃশ্যমান হওয়ার অধিকার, পাঠিত হওয়ার অধিকার।
এই চেতনায় – কোনো একটি অক্ষের মধ্যে সীমাবদ্ধ না থেকে, বিভিন্ন লিপি ও অঞ্চলে ছড়িয়ে পড়ে – আমরা বৈশ্বিক নকশার সমৃদ্ধি উদ্যাপন করি।
GRANSHAN Bloom Award দল